ইরানের বিক্ষোভে এক শহরেই প্রাণ গেল ৮ বিপ্লবী গার্ড সদস্যের

বিক্ষোভে উত্তাল ইরানে পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত আট সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংঘটিত এ ঘটনায় প্রাণহানি ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

Jan 10, 2026 - 16:11
 0  3
ইরানের বিক্ষোভে এক শহরেই প্রাণ গেল ৮ বিপ্লবী গার্ড সদস্যের
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিক্ষোভে উত্তাল ইরানে পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অন্তত আট সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংঘটিত এ ঘটনায় প্রাণহানি ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। শুক্রবার (৯ জানুয়ারি) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

আল জাজিরার বরাতে জানা গেছে, চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কেরমানশাহ শহরে এই প্রাণহানির ঘটনা ঘটে। গত মাস থেকে ইরানজুড়ে শুরু হওয়া এই বিক্ষোভের মূল কারণ দেশটির মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও ক্রমাবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া আন্দোলনটি দ্রুত দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এই বিক্ষোভ এখন শ্রমিক ধর্মঘট ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনেও রূপ নিয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। সংস্থাটির তথ্যমতে, টানা ১৩ দিন ধরে চলা এই আন্দোলন দেশের ৩১টি প্রদেশের ১১১টি শহরের অন্তত ৩০০ স্থানে ছড়িয়ে পড়েছে।

এইচআরএএনএ আরও জানায়, আন্দোলনে অংশ নিতে গিয়ে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫১ জন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া পেলেট বা প্লাস্টিক বুলেটে আহত। পশ্চিম ইরানের মালেকশাহি শহরেই অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেও অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

এমবি এইচআর