ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরোকে স্থানান্তর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি অভিযানে আটক করার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

Jan 4, 2026 - 12:37
 0  3
ব্রুকলিনের ‘কুখ্যাত’ কারাগারে প্রেসিডেন্ট মাদুরোকে স্থানান্তর
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি অভিযানে আটক করার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়ার পর প্রথমে মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর কার্যালয়ে হাজির করা হয়। পরে মাদক ও অস্ত্র পাচার–সংক্রান্ত একাধিক অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। সবশেষ তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

ব্রুকলিনের এই কারাগারটি উচ্চপর্যায়ের ও আলোচিত বন্দিদের রাখার জন্য পরিচিত। এর আগে সেখানে গিসলেইন ম্যাক্সওয়েল এবং মার্কিন সংগীতশিল্পী ডিডি কম্বসের মতো আলোচিত ব্যক্তিদের রাখা হয়েছিল।

এদিকে নিকোলাস মাদুরো তার বিরুদ্ধে আনা মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছেন। ভেনেজুয়েলা সরকার এই আটককে যুক্তরাষ্ট্রের একটি অবৈধ ও সার্বভৌমত্ববিরোধী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে বিচারকের সামনে হাজির করা হবে। তবে শুনানির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এমবি এইচআর