মির্জা আব্বাস-ওসামান হাদির বিপক্ষে ভোটযুদ্ধে লড়বেন সেই রিকশাচালক সুজন
মেঘনাবার্তা প্রতিনিধি:
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্তের বিষয়ে সুজন বলেন, জুলাই আন্দোলনের সময় তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সেই আন্দোলনের স্মৃতি ও দায়বদ্ধতা থেকেই তিনি এই আসনকেই বেছে নিয়েছেন। তার ভাষ্য, সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।
ঢাকা-৮ আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। এই আসনে প্রভাবশালী ও পরিচিত মুখদের বিপরীতে সুজনের লড়াইকে অনেকেই ব্যতিক্রমী হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া স্যালুটের ভিডিও তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলে এবং সেই জনপ্রিয়তাই তার রাজনৈতিক পথচলায় প্রেরণা জোগাচ্ছে বলে মনে করছেন তিনি।
এর আগে একই দল থেকে জুলাই আন্দোলনে আহত আরেক কর্মী খোকন চন্দ্র বর্মণও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
এমবি/এসআর

