দাঁড়িপাল্লা নিয়ে যারা আসছে তারা স্বাধীনতার বিরোধী ছিল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয় পান, সেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই সমান, একই দেশের নাগরিক। আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

Jan 24, 2026 - 14:03
 0  3
দাঁড়িপাল্লা নিয়ে যারা আসছে তারা স্বাধীনতার বিরোধী ছিল: মির্জা ফখরুল
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয় পান, সেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই সমান, একই দেশের নাগরিক। আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আগে রাজনীতিতে দুটি প্রধান প্রতীক ছিল—নৌকা ও ধানের শীষ। এবার নৌকা নেই। রাজনৈতিক বাস্তবতায় নৌকা এখন আর আমাদের সামনে নেই। নতুন একটি দল এসেছে, নতুন প্রতীক এসেছে—দাঁড়িপাল্লা।

জামায়াতের ভূমিকা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে জামায়াত মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে পালাইনি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। অথচ যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছে। সেই সময় আপনাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছিল, লুটপাটের শিকার হতে হয়েছিল।

তিনি বলেন, আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং থাকব। আমরা ধানের শীষের ভোট চাইতে এসেছি। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।

বিএনপি ক্ষমতায় গেলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ড হবে মা-বোনদের একটি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত হবে। পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার ও বীজ পাবেন।

গণসংযোগকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর