বিশ্বকাপ বর্জনের গুঞ্জন উঠিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে টানাপোড়েনের মধ্যেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Jan 25, 2026 - 13:39
 0  3
বিশ্বকাপ বর্জনের গুঞ্জন উঠিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

টি–টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে টানাপোড়েনের মধ্যেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দলটি ঘোষণা করেন পিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ।

ঘোষিত দলে বড় চমক হিসেবে সালমান আগাকে অধিনায়ক করা হয়েছে। সাবেক অধিনায়ক বাবর আজম দলে থাকলেও অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে নির্বাচক আকিব জাভেদের সঙ্গে নবনিযুক্ত অধিনায়ক সালমান আগা ও প্রধান কোচ মাইক হেসন উপস্থিত ছিলেন।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিশ্বকাপে সালমান আগার নেতৃত্বে পাকিস্তান দলে থাকছেন আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ ও ফখর জামান। উইকেটকিপারের দায়িত্বে থাকবেন তরুণ খাজা নাফে। বোলিং বিভাগে ভারসাম্য রাখতে দলে রাখা হয়েছে মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ এবং তারকা পেসার শাহিন শাহ আফ্রিদীকে।

এ ছাড়া স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক। রিজওয়ানের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ মাইক হেসন।

উল্লেখ্য, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান এই টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে আসছিল। জবাবে আইসিসি জানিয়েছে, পাকিস্তান অংশ না নিলে তাদের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমন সংকটময় পরিস্থিতিতে দল ঘোষণা করাকে পিসিবির কৌশলগত প্রস্তুতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

পিসিবি সভাপতি মহসিন নাকভি এর আগে জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপর নির্ভরশীল। তবে অনিশ্চয়তার মধ্যেও মাঠের প্রস্তুতি হিসেবে দল নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছে বোর্ড।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, সালমান আগাকে নেতৃত্ব দেওয়া এবং রিজওয়ানকে বাইরে রাখা পাকিস্তানের টি–টোয়েন্টি কৌশলে নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। যদিও মাঠের লড়াইয়ের চেয়ে বর্তমানে পর্দার আড়ালের কূটনৈতিক সমীকরণই বেশি গুরুত্ব পাচ্ছে।

পাকিস্তান দল শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে কি না—সে বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ক্রিকেটপ্রেমীরা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এমবি এইচআর