টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বাইরে ম্যাচ সরাতে নারাজ আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজক দেশ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে—এমন খবর প্রকাশিত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির পক্ষ থেকে কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

Jan 7, 2026 - 12:19
 0  2
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের বাইরে ম্যাচ সরাতে নারাজ আইসিসি
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচগুলো আয়োজক দেশ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে—এমন খবর প্রকাশিত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির পক্ষ থেকে কোনো চূড়ান্ত আলটিমেটাম পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, অনলাইন বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ দল।

তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিবি স্পষ্টভাবে বলেছে—আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আলটিমেটাম তাদের জানানো হয়নি।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে মূল্যায়ন ও উদ্বেগ রয়েছে, আইসিসি তা গ্রহণ করেনি। যদিও বৈঠকে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আইসিসির অবস্থান পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেই মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে—সম্ভবত শনিবারের মধ্যেই।

এ বিষয়ে এখন পর্যন্ত আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা বিসিবি—কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এই পরিস্থিতির সূত্রপাত হয় বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায়। সাম্প্রতিক বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। ফ্র্যাঞ্চাইজিটি ৩ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করে।

এর প্রতিক্রিয়ায় বিসিবি নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে জানায়, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না এবং বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার সাময়িকভাবে স্থগিতের ঘোষণাও দেয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে কলকাতায়। আর গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে।

এমবি এইচআর