বিশ্বের ‘সবচেয়ে দুর্বল ও বাজে’ লিগের তকমা পেল বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন থামছেই না। দেশের গণ্ডি পেরিয়ে সেই বিতর্ক এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।

Jan 28, 2026 - 12:05
 0  2
বিশ্বের ‘সবচেয়ে দুর্বল ও বাজে’ লিগের তকমা পেল বিপিএল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন থামছেই না। দেশের গণ্ডি পেরিয়ে সেই বিতর্ক এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। ব্রিটিশ ক্রিকেটবিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত এক পর্যালোচনায় বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল।

আইসিসি স্বীকৃত বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের মধ্যে বিপিএলের অবস্থান রাখা হয়েছে দশম, অর্থাৎ একেবারে তলানিতে। চারটি মানদণ্ড— বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা (স্থায়িত্ব) এবং সামগ্রিক অবস্থান—এর ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে।

পর্যালোচনায় দেখা যায়, বিনোদনমূল্য, খেলার মান এবং সামগ্রিক অবস্থান—এই তিনটি ক্যাটাগরিতেই বিপিএল পেয়েছে সর্বনিম্ন দশম স্থান। কেবল গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিপিএল রয়েছে নবম অবস্থানে, যেখানে দশম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি।

সামগ্রিক মূল্যায়নে বিপিএলের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। শীর্ষস্থানে রয়েছে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর পরেই অবস্থান দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএলকে সেরা হিসেবে বিবেচনা করা হলেও বিনোদনমূল্যের দিক থেকে এসএ টি-টোয়েন্টিকে এক নম্বরে রাখা হয়েছে।

দ্য ক্রিকেটার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই বিপিএল ও এলপিএল তুলনামূলকভাবে কম রেটিং পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট—এলপিএল ও বিপিএল—দুটির সঙ্গেই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে।’

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বিতর্ক, ফ্র্যাঞ্চাইজি মালিকদের আর্থিক অনিশ্চয়তা এবং খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিপিএলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমবি এইচআর