বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়, গ্রুপের শীর্ষে লাল-সবুজ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ আজ নেপালের কীর্তিপুরে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে পরাজিত করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতে ভালো লড়াইয়ের আভাস দেয়। একপর্যায়ে তিন উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৮ রান। তবে শেষ দিকে একের পর এক রানআউটে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৩৮ রানে। পাপুয়া নিউগিনির হয়ে বেন্ড্রা টাউ সর্বোচ্চ ৩৫ এবং সিবোনা জিমি করেন ২৮ রান।
বাংলাদেশের বোলিংয়ে সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলারই একটি করে উইকেট নেন, যা দলগত বোলিং শক্তিরই প্রতিফলন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার (৩৫) ও জুয়াইরিয়া ফেরদৌস (১৭) উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৯ রান। তিন নম্বরে নেমে শারমিন আক্তার করেন ২৮ রান।
শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি—একটি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। বল হাতেও এক উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার জেতেন স্বর্ণা। সোবহানা মোস্তারিও কার্যকর অবদান রাখেন, দুটি চার ও দুটি ছক্কায় করেন ৩৪ রান।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
এমবি এইচআর