আইসিসির সিদ্ধান্ত: বাংলাদেশ বাদ, বিশ্বমঞ্চে স্কটল্যান্ড

বাংলাদেশ ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গায় স্কটল্যান্ড খেলতে পারে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নিচ্ছে স্কটল্যান্ড।

Jan 24, 2026 - 16:45
 0  3
আইসিসির সিদ্ধান্ত: বাংলাদেশ বাদ, বিশ্বমঞ্চে স্কটল্যান্ড
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গায় স্কটল্যান্ড খেলতে পারে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য হলো। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নিচ্ছে স্কটল্যান্ড।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে স্কটল্যান্ড। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপালের সঙ্গে খেলবে স্কটল্যান্ড।

ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করায় বাংলাদেশকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ক্রিকবাজ আরও জানায়, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্ল্যাডের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।

সূচি অনুযায়ী, বাংলাদেশের ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল। এখন ওই ম্যাচেই বাংলাদেশের বদলে মাঠে নামবে স্কটল্যান্ড। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে তারা।

এমবি এইচআর