নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানসহ সব গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানসহ সব গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিবির জরুরি অনলাইন সভা শেষে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এম নাজমুল ইসলাম নিজ থেকে পদত্যাগ না করলে তাঁকে বোর্ড পরিচালক পদ থেকে সরানো সম্ভব নয়। গঠনতন্ত্রে বলা আছে, কেবল মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলাজনিত শাস্তি, আর্থিকভাবে দেউলিয়া হওয়া, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা অথবা স্বেচ্ছায় পদত্যাগের ক্ষেত্রেই কোনো পরিচালকের পদ শূন্য হতে পারে। এর মধ্যে প্রথম পাঁচটি কারণ নাজমুল ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিসিবির সূত্র বলছে, পরিচালক পদে থেকে তিনি আর কোনো কমিটি বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকবেন না। তবে সংকটের স্থায়ী সমাধানে তাঁর স্বেচ্ছা পদত্যাগই সবচেয়ে কার্যকর পথ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে এম নাজমুল ইসলামের একাধিক মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জাতীয় দলের ক্রিকেটারদের ভূমিকা ও আয়ের বিষয় নিয়ে তাঁর বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনার পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার ও অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তাঁর পদত্যাগের দাবি তোলেন।
বিসিবির এই সিদ্ধান্তের পরও ক্রিকেটারদের অবস্থান পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমবি এইচআর

