রাজবাড়ীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাংশা মডেল থানার এসআই নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, এএসআই পরিতোষ মজুমদার এবং কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানের নেতৃত্বে একটি দল এলাকায় অভিযান চালায়। তারা বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় ছররা গুলিতে আকুল (৫৫) নামের এক পথচারী এবং ইটের আঘাতে এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান আহত হন। হামলার এক পর্যায়ে আসামি আলম শেখ এসআই নজরুল ইসলামকে কিলঘুষি মারলেও পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্য আসামিরা পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমবি/টিআই

