মায়ের জানাজায় যোগ দিতে ৯০ মিনিটের প্যারোল পেলেন ইউপি চেয়ারম্যান
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহেদ আলী মাস্টার প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৯০ মিনিটের জন্য তার প্যারোল অনুমোদন করা হয়।
চেয়ারম্যান ওয়াহেদ আলীর মা হোসেনা বানু (৯০) শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে পাইকপাড়া ইউনিয়নের বড়ধূলিয়া গ্রামের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
প্যারোলে মুক্তির পর বিকেল ৪টার দিকে পুলিশ তাকে গ্রামের বাড়িতে নিয়ে যায়। তিনি জানাজা ও দাফন কার্যক্রম পর্যন্ত প্রায় ৯০ মিনিট সেখানে অবস্থান করেন। পরে পুনরায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর হক জানান, আইন অনুযায়ী প্যারোল মঞ্জুর হওয়ায় তিনি মায়ের জানাজায় অংশ নিতে পেরেছেন।
এমবি এইচআর