কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতা সামিকুল ইসলামের মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি সামিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করেন সামিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাত ১২টার দিকে তাকে রংপুরে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তিনি মারা যান।
গাইবান্ধা জেলা কারাগার কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও ছিলেন।
তিনি আরও জানান, অসুস্থ হওয়ার পরপরই নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পুলিশ স্কোয়াডের মাধ্যমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এমবি এইচআর

