পলাশে রাতের আঁধারে মুদি দোকানিকে হত্যা, এলাকায় আতঙ্ক
নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চরসিন্দুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলায় মনি চক্রবর্তী নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চরসিন্দুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মদন ঠাকুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে নিজের মুদি দোকান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে বাজারসংলগ্ন নিজ বাড়ির সামনে পেছন দিক থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শিবপুরের সাধারচর ছাড়াও চরসিন্দুর ও নরসিংদী শহরে মনি চক্রবর্তীর আরও দুটি বাসা রয়েছে।
এমবি এইচআর

