পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

Jan 24, 2026 - 12:35
 0  3
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় সময় শুক্রবার রাতে ডেরা ইসমাইল খান জেলার কুরেশি মোর এলাকায় শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

ডেরা ইসমাইল খান জেলা পুলিশের (ডিপিও) কর্মকর্তা সাজ্জাদ আহমেদ সাহেবজাদা জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে এই বিস্ফোরণ ঘটে। সে সময় অতিথিরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ উড়ে যায় এবং ভবনটি আংশিক ধসে পড়ে। এতে উদ্ধারকাজে বড় ধরনের বাধার সৃষ্টি হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলে জানান পুলিশ কর্মকর্তা। ডিপিও বলেন, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার পর জেলা সদর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২–এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি ফায়ার সার্ভিসের গাড়ি ও একটি দুর্যোগ মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার অভিযান এখনো চলছে।

প্রাথমিক প্রতিবেদনে নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদের নামও রয়েছে।

এ ঘটনায় খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার নির্দেশ দেন। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

এদিকে কেপির গভর্নর ফয়সাল করিম কুন্ডিও ঘটনার নিন্দা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সশস্ত্র হামলায় একটি শান্তি কমিটির চার সদস্য নিহত হন। এর আগেও ২০২৫ সালের নভেম্বরে একই জেলার শান্তি কমিটির কার্যালয়ে হামলায় সাতজন প্রাণ হারান।

এমবি এইচআর