ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানি নেতার ‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লীগ–এন (পিএমএল–এন)-এর এক নেতা ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লীগ–এন (পিএমএল–এন)-এর এক নেতা ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো খারাপ অভিপ্রায়ে নজর দেয় বা হামলার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কামরান সাঈদ উসমানী নামে পিএমএল–এন–এর ওই নেতা এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানান।
ভিডিওতে কামরান সাঈদ উসমানী বলেন,
“যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, তাহলে মনে রাখবেন—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু দূরে নয়।”
তিনি আরও বলেন, ভারত যদি ‘অখণ্ড ভারত’ ধারণা বাস্তবায়নের চেষ্টা করে বা তা বাংলাদেশে চাপিয়ে দিতে চায়, তাহলে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না।
উসমানীর দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারও তা করতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে ‘বিরক্ত করছে’ এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে তিনি প্রস্তাব দেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠিত হওয়া উচিত। তার ভাষায়,
“বাংলাদেশে পাকিস্তানের ঘাঁটি এবং পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা যেতে পারে।”
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এমন কোনো সামরিক জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
এমবি এইচআর

