ইমরানের ‘আইডল’ বঙ্গবন্ধুকে ‘গদ্দার’ বলল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘গদ্দার’ বা বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

Dec 8, 2025 - 13:22
 0  3
ইমরানের ‘আইডল’ বঙ্গবন্ধুকে ‘গদ্দার’ বলল পাকিস্তান সেনাবাহিনী
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘গদ্দার’ বা বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনার সময় এমন বিতর্কিত মন্তব্য করেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র (ডিজি আইএসপিআর) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইমরান খান শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা প্রভাবিত। তিনি বলেন, “তার (ইমরান খানের) টুইট এবং মিডিয়া বক্তব্যগুলো দেখুন। সে এই দেশের একজন চিহ্নিত ‘গদ্দার’ শেখ মুজিবুর রহমানের উদাহরণ দেয় এবং তার বক্তব্য উদ্ধৃত করে।”

বিশ্লেষকদের মতে, ইমরান খান বারবার পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকট তুলনা করেছেন ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে—যখন নির্বাচনে জেতার পরও শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দিয়ে বড় ধরনের ঐতিহাসিক ভুল করেছিল পাকিস্তান। এই উদাহরণ টানায় ক্ষুব্ধ হয়েছে দেশটির সামরিক বাহিনী, যার বহিঃপ্রকাশ ঘটেছে আইএসপিআরের এই বক্তব্যে।

ইতিহাসবিদরা বলছেন, ১৯৭১ সালে পাকিস্তানের সামরিক পরাজয় এবং বাংলাদেশের জন্মের সত্যকে পাকিস্তান রাষ্ট্রযন্ত্র এখনো অস্বীকার করে থাকে। সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্যে সেই মানসিকতারই পুনরাবৃত্তি দেখা গেল।

এমবি এইচআর