পাকিস্তানে কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ পুরোপুরি নিষিদ্ধ
পাকিস্তান সরকার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পাকিস্তান সরকার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের বিষয়টি জানান। তিনি ইমরান খানকে ‘যুদ্ধ–উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ বলেও মন্তব্য করেন।
এর কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন। এ বক্তব্যের পরপরই সরকারের পক্ষ থেকে হঠাৎ করেই তার সঙ্গে সব ধরনের সাক্ষাৎ পুরোপুরি বন্ধের ঘোষণা আসে।
তথ্যমন্ত্রী তারার জানান, এখন থেকে রাজনৈতিক নেতা, আইনজীবী, এমনকি পরিবারের সদস্যেরাও ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করতে পারবেন না। কেউ জোর করে দেখা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের দাবি—ইমরান খান কারাগারে বসে ‘রাষ্ট্রবিরোধী এজেন্ডা’ চালানোর চেষ্টা করছেন, যা কোনোভাবেই অনুমোদিত নয়।
দুই দিন আগে ইমরান খানের বোন উজমা খান তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। তিনি দাবি করেন, সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের কার্যক্রমে ইমরান অত্যন্ত ক্ষুব্ধ। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ না থাকায় দেশজুড়ে সমালোচনা এবং পিটিআইয়ের আন্দোলনের ডাক জোরদার হয়। সেই চাপের মুখেই তার বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এমবি এইচআর

