দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৪০, নিখোঁজ বহু
দক্ষিণ স্পেনে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সামনে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দক্ষিণ স্পেনে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সামনে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে সংঘটিত এই দুর্ঘটনাকে ইউরোপে গত প্রায় ৮০ বছরের মধ্যে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর তথ্যমতে, দুর্ঘটনার পর অন্তত ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদমুজ এলাকায়।
বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ রেল সংযোগ এই দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রাখতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ২৬ বছর বয়সী আনা গার্সিয়া আরান্ডা বলেন, ‘হঠাৎ করেই ট্রেনটি একদিকে কাত হয়ে যায়। এরপর চারপাশ অন্ধকার হয়ে যায়, শুধু মানুষের চিৎকার শুনতে পাচ্ছিলাম।’ বর্তমানে তিনি আদমুজের একটি রেড ক্রস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
মুখে প্লাস্টার লাগানো অবস্থায় আনা জানান, সহযাত্রীরা তাকে রক্তাক্ত ট্রেন থেকে টেনে বের করে আনেন। পরে অগ্নিনির্বাপক কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে তার গর্ভবতী বোনকে উদ্ধার করেন। এরপর দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘কিছু মানুষ তুলনামূলক ভালো অবস্থায় ছিল, আবার অনেকেই মারাত্মক আহত। তখনই বোঝা যাচ্ছিল—অনেকে বাঁচবে না, কিন্তু কিছু করারও ছিল না।’
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর হুয়েলভা, মাদ্রিদ, মালাগা, কর্ডোবা ও সেভিলের বিভিন্ন পুলিশ সদর দপ্তরে এখন পর্যন্ত মোট ৪৩ জন নিখোঁজ ব্যক্তির অভিযোগ জমা পড়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে।
এমবি এইচআর

