হাদিকে গুলি : ফয়সালের বাড়িতে থাকেন না পরিবারের কেউ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় হলেও সেখানে তার পরিবারের কেউ বসবাস করছেন না বলে জানিয়েছে পুলিশ।

Dec 13, 2025 - 18:31
 0  1
হাদিকে গুলি : ফয়সালের বাড়িতে থাকেন না পরিবারের কেউ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় হলেও সেখানে তার পরিবারের কেউ বসবাস করছেন না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকা। তার পিতার নাম হুমায়ুন কবির। বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করতেন এবং তার বিরুদ্ধে আদাবর থানায় একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এর আগে গত মাসে আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় তিনি গ্রেপ্তার হন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয় বাসিন্দারা জানান, ফয়সালের পরিবার বহু আগেই ওই এলাকা ছেড়ে ঢাকায় চলে যায়। তারা জানান, অন্তত ৫০ বছর আগে পরিবারটি বাউফল এলাকা ছাড়ে। প্রায় ১০–১২ বছর আগে ফয়সালের বাবা হুমায়ুন কবির তাদের পুরোনো বসতঘর ও জমিজমা বিক্রি করে দেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা কখনো ফয়সাল করিম মাসুদকে এলাকায় দেখেননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘স্থায়ী ঠিকানা অনুযায়ী কেশবপুর এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, ওই পরিবারের কেউ সেখানে বসবাস করছেন না। অন্তত ৫০ বছর আগে পরিবারটি এলাকা ছেড়ে যায় এবং ১০–১২ বছর আগে তাদের পুরোনো বসতঘরও বিক্রি করা হয়েছে। এরপরও আমরা বিষয়টি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছি।’

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাউফলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবারের কেউ বর্তমানে ওই বাড়িতে বসবাস করছেন না। তারা বহু আগেই সব সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়ে গেছেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। তার উপস্থিতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমবি এইচআর