সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন, ব্যয় ১৯১ কোটি টাকা
সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানিকৃত ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সারের জন্য ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
আরও জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে মোট ৬ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করেছে সরকার। এর মধ্যে নিয়মিত চাহিদা পূরণে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন এবং আপৎকালীন ও জরুরি পরিস্থিতি ও দেশীয় কারখানায় সারের ঘাটতি মোকাবেলায় অতিরিক্ত ৩ লাখ মেট্রিক টন সার আমদানির কথা রয়েছে।
চুক্তি অনুযায়ী প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার। সেই হিসাবেই বর্তমান চালানে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমবি এইচআর

