ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকা পাচারের মামলা
চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা সংগ্রহ করে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা সংগ্রহ করে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনায় অনুসন্ধান শুরু করে। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা সংগ্রহ করে ৬৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলে। প্রতিষ্ঠানটি এসব সোনা ও হীরার উৎস সম্পর্কিত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
অনুসন্ধানে আরও জানা যায়, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন এলসির মাধ্যমে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার সোনা, অলংকার, লুজ ডায়মন্ড ও অন্যান্য পণ্য বৈধভাবে আমদানি করে প্রতিষ্ঠানটি। বিপরীতে একই সময়ে স্থানীয় বাজার থেকে বিপুল পরিমাণ সোনা ও হীরা সংগ্রহ করলেও তার কোনো বৈধ উৎস নেই। ফলে সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হয় সিআইডি।
গত ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে র্যাব গ্রেপ্তার করে আদালতে তোলে। এরপর তাঁকে হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় জামিন পাওয়ার পর ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
দিলীপ আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় থাকা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে পরিচিত।
এমবি এইচআর

