কমিউনিটি সেন্টারে পোড়া দুই মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ভবঘুরে আটক
সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় এক ভবঘুরে যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সাভারের থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় এক ভবঘুরে যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সাভারের থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম সম্রাট হোসেন ওরফে কিং খান (৩৪)। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে থানা রোড এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করতেন এবং রাতে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে থাকতেন। স্থানীয়দের কাছে তিনি একজন ভবঘুরে ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন হিসেবে সম্রাটকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট ছয়টি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই-বাছাই চলছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে সাভারের ওই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ধারণা করছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি ঘিরে তদন্ত জোরদার করা হয়েছে।
এমবি এইচআর

