তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের অবরোধে অচল ফার্মগেট
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
রবিবার সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট মোড় ও সংলগ্ন সড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তাদের কর্মসূচির কারণে পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর, ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনার পর থেকেই দোষীদের বিচারের দাবিতে সাকিবুল হাসান রানার সহপাঠীরা আন্দোলন করে আসছেন। এর আগেও একাধিকবার একই দাবিতে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজও তারা একই দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
এমবি এইচআর

