রংপুরে মদ পানে ভয়াবহ পরিণতি, তিন দিনে প্রাণহানি ৭

রংপুরে রেক্টিফাইড স্পিরিট (মদ) পানে বিক্রেতাসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে। এ ছাড়া আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Jan 15, 2026 - 11:44
 0  3
রংপুরে মদ পানে ভয়াবহ পরিণতি, তিন দিনে প্রাণহানি ৭
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রংপুরে রেক্টিফাইড স্পিরিট (মদ) পানে বিক্রেতাসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে। এ ছাড়া আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে রেক্টিফাইড স্পিরিট পানের ঘটনায় গত ১৩ জানুয়ারি রাতে নতুন করে দুজন মারা যান। তারা হলেন—বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম।

এদিকে বুধবার (১৪ জানুয়ারি) সকালে একই ঘটনায় স্পিরিট বিক্রেতা কারাবন্দি জয়নাল আবেদীন মারা যান। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, বদরগঞ্জের শ্যামপুর থেকে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি জয়নাল আবেদীনকে ১৩ জানুয়ারি সন্ধ্যায় নতুন বন্দি হিসেবে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৭টায় তিনি মারা যান।

এর আগে গত ১১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক কারবারি জয়নাল আবেদীনের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট পান করে একাধিক ব্যক্তি অসুস্থ হন। ওই সময় ঘটনাস্থলেই মারা যান গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের জেন্নাদ আলি (৩৫)।

এ ছাড়া একই ধরনের আরেক ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাজিরহাট থানার বালারবাজার এলাকায় অ্যালকোহল পান করে অসুস্থ হন সদর কোতোয়ালী থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৬০)। পরদিন দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মাদক কারবারি জয়নাল আবেদীনকে ১০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় বদরগঞ্জ ও হাজিরহাট থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন অসুস্থ হয়ে গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

এমবি এইচআর