ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ

Oct 27, 2025 - 14:59
 0  3
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ

মেঘনাবার্তা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা অফিসে তালা ঝুলিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। দীর্ঘদিন ধরে বীমার টাকা না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকদের এই বিক্ষোভ চলে রোববার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত।

প্রথমে দুপুরে পীরগাছা বাজারে অবস্থিত শাখা অফিসে তালা দেন গ্রাহকেরা, পরে সন্ধ্যার দিকে তারা বাজারের একটি সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বীমার মেয়াদ শেষ হলেও কোম্পানি নানা অজুহাতে টাকা দিচ্ছে না। তাদের দাবি—দ্রুত প্রাপ্য অর্থ পরিশোধ করতে হবে।

এর আগে শনিবার মধ্যরাতে রংপুর জোনাল অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারী অফিসের আসবাবপত্র ও দামী সরঞ্জাম সরিয়ে নিতে গেলে স্থানীয় গ্রাহকদের সন্দেহ হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মালামাল আটক করেন এবং কর্মকর্তাদের জবাবদিহির জন্য অবরুদ্ধ করে রাখেন।

ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরদিন সকাল থেকেই পীরগাছা শাখায় ভিড় বাড়তে থাকে। দুপুরে ক্ষুব্ধ গ্রাহকেরা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।

তখন অফিসে উপস্থিত ছিলেন শুধু একজন পিয়ন, ফজলুল হক, যাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষুব্ধরা অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার দিকে তারা অফিসের সামনে সড়কে ড্রাম ফেলে অবরোধ করেন।

পরে খবর পেয়ে পুলিশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মণ্ডল, ভবন মালিক আমিনুল ইসলাম রঞ্জু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ শাখা ইনচার্জের সঙ্গে ফোনে কথা বলে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে আলোচনার আশ্বাস দিলে গ্রাহকেরা অবরোধ তুলে নেন।

গ্রাহক বিপ্লব হাসান বলেন, “৫-৬ বছর ধরে এই অফিসে ঘুরছি। প্রতিবারই আজ-কাল বলে ঘুরাচ্ছে।”
আরেক গ্রাহক রুবেল মিয়া অভিযোগ করেন, “২৪ হাজার ৯০০ টাকা পাওয়ার কথা। কিন্তু বলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে—সবই ভণ্ডামি।”
রাজকুমার রাজ জানান, “১২ বছরের বীমা। ৫৬ হাজার টাকার কথা থাকলেও দিয়েছে মাত্র ২৪ হাজার। আসল টাকাটাই দেয়নি।”

এমবি/এসআর