নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সকালে কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার ওই বাড়ি থেকে যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)-এর লাশ উদ্ধার করা হয়।

Dec 7, 2025 - 18:15
 0  2
নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) সকালে কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার ওই বাড়ি থেকে যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)-এর লাশ উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ৭টার দিকে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢুকে ডাইনিংরুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নিহত যোগেশ চন্দ্র রায় একজন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। দুই ছেলে বাইরে চাকরির কারণে স্বামী-স্ত্রীই একসঙ্গে গ্রামে থাকতেন। বাড়ির তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র রায়ও প্রতিদিনের মতো সকালে ডাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে প্রতিবেশীদেরসহ বাড়িতে প্রবেশ করেন।

খবর পেয়ে সিআইডি, ডিবি, পিবিআই ও র‍্যাবসহ একাধিক তদন্ত সংস্থা ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহ ও সুরতহাল শেষে লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, ঘটনাটি রাত ৯টা থেকে ১১টার মধ্যেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত দু’জনের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। সম্ভাব্য অস্ত্র হিসেবে ‘চাইনিজ কুড়াল’ ব্যবহারের সন্দেহ করছেন তদন্তকারীরা।

তিনি আরও বলেন, আলমারির একটি ড্রয়ার ভাঙা পাওয়া গেলেও এটিকে প্রাথমিকভাবে চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। দ্রুততম সময়ের মধ্যেই হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী হোসেন ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এমবি এইচআর