অবশেষে ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন— এমন হিসাব মেনে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।

Jan 31, 2026 - 11:25
 0  2
অবশেষে ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন— এমন হিসাব মেনে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিল ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিভুক্ত তথ্যকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। ইসরায়েলের দাবি ছিল, হামাসের নিয়ন্ত্রণে থাকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসাবে তারা জানিয়েছে, গাজায় মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৪৮০ জনের বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের বরাত দিয়ে ইসরায়েলের শীর্ষ সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজসহ কয়েকটি গণমাধ্যম জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীও প্রায় একই ধরনের নিহতের হিসাব মেনে নিয়েছে।

ওয়াইনেটকে দেওয়া বক্তব্যে এক সামরিক কর্মকর্তা বলেন, “আমাদের হিসাব অনুযায়ী, যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন।”

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, “এই বিষয়ে যেকোনো তথ্য বা প্রতিবেদন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”

এমবি এইচআর