ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে পরিবারের সঙ্গে শেষ সাক্ষাৎ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছেন। আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছেন। আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে। তার পরিবারের কাছে শেষবার বিদায় জানানোর জন্য মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়।
এরফানকে ৮ জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। ইরানি সংবাদমাধ্যম ইরানওয়্যার জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে পরিবারের সঙ্গে দেখা করার জন্য খুব সীমিত সময় দেয়া হয় এবং নিরাপত্তা বাহিনী জানায় এটি হবে তাদের শেষ সাক্ষাৎ। এরপরই তাকে ফাঁসিকাঠে ঝোলানো হবে।
নরওয়েতে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অভিযোগ করেছে, এরফানকে কোনো আইনজীবী বা আইনি প্রতিরক্ষা সুযোগ দেয়া হয়নি, এমনকি কোনো বিচার প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরফানের পরিবারের ঘনিষ্ঠ একজন সূত্র জানায়, একজন আইনজীবী তার পক্ষে লড়াই করার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী বাধা ও হুমকি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের সবাই মৃত্যুদণ্ড পাবে।
এরফানের পরিবারের সদস্যদেরও হুঁশিয়ারি দেয়া হয়েছে, তারা যদি জনসমক্ষে এ বিষয়ে কথা বলেন বা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন, তবে তাদেরও গ্রেপ্তার করা হবে।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এরফানের বিরুদ্ধে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ’ করার অভিযোগ আনা হয়েছে, যা ইরানের আইনে মৃত্যুদণ্ডের অপরাধ।
গত ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দমনে ইরানে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে নিহতের সংখ্যা ৫০০ থেকে ২০০০ পর্যন্ত হতে পারে।
ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভ উসকানির জন্য দায়ী করছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে তাদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন।
এমবি এইচআর

