কে এই রোমান গফম্যান মোসাদের নতুন প্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে তার সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে মনোনীত করেছেন। তিনি বর্তমান প্রধান ডেভিড বারনিয়ার স্থলাভিষিক্ত হবেন।

Dec 5, 2025 - 12:20
 0  3
কে এই  রোমান গফম্যান মোসাদের নতুন প্রধান
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে তার সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে মনোনীত করেছেন। তিনি বর্তমান প্রধান ডেভিড বারনিয়ার স্থলাভিষিক্ত হবেন। বারনিয়ার পাঁচ বছরের মেয়াদ ২০২৬ সালের জুনে শেষ হবে।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া রোমান গফম্যান মাত্র ১৪ বছর বয়সে পরিবারসহ ইসরায়েলে অভিবাসন করেন। ১৯৯৫ সালে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া বাহিনীতে যোগ দেন। দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি আর্মর্ড কর্পস, ৭৫তম ব্যাটালিয়ন, ৭ম ব্রিগেড, গা’আশ ফরমেশন এবং ২১০ ‘হাবাশেন’ ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিন তিনি দক্ষিণ ইসরায়েলের স্দেরোতে যুদ্ধে গুরুতর আহত হন। পরে ২০২৪ সালের এপ্রিলে তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব নেন।

গফম্যান মোসাদের অভ্যন্তরীণ ক্যাডার নন—যেমন তার আগে শিন বেত প্রধান ডেভিড জিনিও ছিলেন না। তবুও তার নিয়োগকে কেন্দ্র করে বড় কোনো রাজনৈতিক বিতর্ক তৈরি হয়নি। যদিও হারেৎজ পত্রিকার কলামিস্ট উরি মিসগাভ মন্তব্য করেছেন, গফম্যানের গোয়েন্দা অভিজ্ঞতার অভাব তাকে মোসাদের প্রধান হওয়ার ক্ষেত্রে ‘অযোগ্য’ করে তোলে। তার মতে, নেতানিয়াহুর প্রতি গফম্যানের ব্যক্তিগত আনুগত্যই তার নির্বাচনের প্রধান কারণ।

অন্যদিকে, প্রধানমন্ত্রী কার্যালয় গফম্যানকে “অত্যন্ত মেধাবী ও দক্ষ কর্মকর্তা” হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন সময়ে সামরিক সচিব হিসেবে তার কর্মকুশলতাকেই নিয়োগের ভিত্তি বলা হয়েছে।

৭ অক্টোবরের হামলার গোয়েন্দা ব্যর্থতার দায় শিন বেত ও আমান স্বীকার করে পদত্যাগ করলেও মোসাদকে এ ব্যর্থতার জন্য দায়ী করা হয়নি। চলমান বহুমুখী সংঘাতের প্রেক্ষাপটে মোসাদকে ইসরায়েলি সমাজে আরও গুরুত্বপূর্ণ ও শক্তিশালী সংস্থা হিসেবে দেখা হচ্ছে।

এমবি এইচআর