পটুয়াখালী কারাগারে বন্দি অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল খান (৫৫) মারা গেছেন।

Dec 31, 2025 - 19:08
 0  3
পটুয়াখালী কারাগারে বন্দি অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল খান (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কলাপাড়া থানার পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি পটুয়াখালী জেলা কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বুকে তীব্র ব্যথা অনুভূত হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

শফিকুল আলম বাবুল খানের মৃত্যুতে কলাপাড়ায় রাজনৈতিক মহলে শোকের আবহ নেমে এসেছে। স্থানীয় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

এমবি এইচআর