নাটোর-১ আসনে বিএনপির প্রার্থীর ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের বুধিরামপুর ও জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের জানান, বুধিরামপুর এলাকায় মকুলের দোকানের সামনে এবং জোতদৈবকি এলাকায় ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে ঝুলানো ছিল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ব্যানার। রাতের আঁধারে দুষ্কৃতকারীরা ওই দুটি ব্যানার পুড়িয়ে দেয়। সোমবার সকালে ঘটনাটি নজরে এলে এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়।
এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, নাটোর-১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনাটি সেই ষড়যন্ত্রেরই অংশ।
অন্যদিকে, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এমবি এইচআর

