রংপুরে বিক্রেতা নিজেও মদ পান করেন, মারা যান হাসপাতালে

রংপুরে রেক্টিফাইড স্পিরিট (মদ) পানে বিক্রেতাসহ আরও তিনজনের মৃত্যুর ঘটনায় তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এ ছাড়া এখনো বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

Jan 15, 2026 - 12:26
 0  3
রংপুরে বিক্রেতা নিজেও মদ পান করেন, মারা যান হাসপাতালে
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রংপুরে রেক্টিফাইড স্পিরিট (মদ) পানে বিক্রেতাসহ আরও তিনজনের মৃত্যুর ঘটনায় তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এ ছাড়া এখনো বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক বিষয় হলো—মদ বিক্রেতা নিজেও ওই স্পিরিট পান করে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মারা গেছেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি জয়নাল আবেদীনকে ১৩ জানুয়ারি সন্ধ্যায় নতুন বন্দি হিসেবে কারাগারে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হলে বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১১ জানুয়ারি দিবাগত মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক কারবারি জয়নুল আবেদীনের বাড়িতে রেক্টিফাইড স্পিরিট পান করে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং সদর উপজেলার সাহাপুর গ্রামের জেন্নাদ আলি (৩৫)। একই ধরনের অপর একটি ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হাজিরহাট থানার বালারবাজার এলাকায় অ্যালকোহল পান করে অসুস্থ হন সদর কোতোয়ালি থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার বাসিন্দা মানিক চন্দ্র রায় (৬০)। পরদিন দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ‘মাদক কারবারি জয়নাল আবেদীনকে ১০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় বদরগঞ্জ ও হাজিরহাট থানায় দুটি পৃথক মামলা হয়েছে।’ পাশাপাশি আরও কয়েকজন অসুস্থ ব্যক্তি গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

এমবি এইচআর