শেষ ম্যাচ খেলেই রেসলিংকে বিদায় বললেন জন সিনা

রেসলিং জগতের এক ঐতিহাসিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। জনপ্রিয় ও কিংবদন্তি রেসলার জন সিনা গতকাল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন।

Dec 14, 2025 - 18:07
 0  2
শেষ ম্যাচ খেলেই রেসলিংকে বিদায় বললেন জন সিনা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রেসলিং জগতের এক ঐতিহাসিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। জনপ্রিয় ও কিংবদন্তি রেসলার জন সিনা গতকাল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন। বিদায়ি ম্যাচে জয় না পেলেও, জয়–পরাজয়ের ঊর্ধ্বে উঠে তিনি ইতোমধ্যেই রেসলিং ইতিহাসে নিজের অবস্থান চিরস্থায়ী করে রেখেছেন।

সিনার বিদায়ি ম্যাচটির নাম ছিল ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’। শেষ লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থার। ম্যাচ শেষে পরাজয়ের হতাশা ছাপিয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন সিনা।

রিং ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ৪৮ বছর বয়সী এই তারকা রেসলার। কিছুক্ষণ রিংয়ে বসে থাকার পর সেটিকে চুমু দিয়ে বিদায় জানান তিনি। এরপর যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় উপস্থিত দর্শকদের উদ্দেশে মাথা নত করে স্যালুট দেন। দুই পাশের দর্শক সারির সঙ্গে হাত মেলানোর আগে তিনি রিংয়ে নিজের জুতা ও পোশাকের অংশ রেখে যান—যা ছিল এক প্রতীকী ও স্মরণীয় বিদায়।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন জন সিনা। ‘রুথলেস অ্যাগ্রেশন’ যুগে রুকি হিসেবে যাত্রা শুরু করে ‘ডক্টর অব থাগানোমিক্স’ গিমিকের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে ‘নেভার গিভ আপ’ স্লোগানকে নিজের পরিচয়ের অংশে পরিণত করেন সিনা।

দীর্ঘ ৮,৫৭০ দিনের ক্যারিয়ারে তিনি মোট ১৭টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের কীর্তি গড়েছেন। রেসলিংয়ের বাইরে হলিউডে সফল অভিনেতা হিসেবেও নিজের অবস্থান শক্ত করেছেন জন সিনা। তার বিদায়ের মধ্য দিয়ে রেসলিং অঙ্গনে এক স্বর্ণালি অধ্যায়ের অবসান ঘটল।

এমবি এইচআর