তাড়াশে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকাল ৯টার দিকে মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের অধীনে প্রায় আট বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগীদের মধ্যে দিনদিন বিরোধ বাড়ছিল। পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সকালে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে এক পক্ষ পুকুরে মাছ ধরতে গেলে নজরুল ইসলামের নেতৃত্বে অন্য পক্ষ বাধা দেয়। এ সময় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ৩০ জন আহত হন। গুরুতর আহত রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও লজরুল ইসলাম (৪৫)কে ঢাকায় পাঠানো হয়েছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছে।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা চিকিৎসা নিচ্ছেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি এইচআর

