এক রাতে ১৬ কবরের কঙ্কাল চুরি
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানে এ ঘটনা ঘটে। চুরির পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে একটি ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র ফেলে যায়।
ঘটনা জানাজানি হওয়ার পর বুধবার সকালে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং কবরস্থানে ভিড় জমে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মুসল্লিরা কবরস্থানে গিয়ে কয়েকটি কবরের মাটি আলগা দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, কবরগুলো থেকে কঙ্কাল উধাও। এতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কবরস্থান পরিচালনা কমিটির সদস্যরা জানান, গত সোমবার রাতে দুর্বৃত্তরা কোনো একসময় কবরস্থান প্রবেশ করে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে মুসল্লিদের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। পরে দেখা যায়, ১৬টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে এবং মাথা থেকে কোমর পর্যন্ত অংশের কঙ্কাল চুরি হয়েছে।
স্থানীয়দের সহযোগিতায় পরদিন ওই কবরগুলোতে পুনরায় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি/টিআই

