সিলেটে ১৩টি গাড়ি পুড়ে ছাই

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় গাড়ি মেরামতের দোকানে রাতের অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১৩টি গাড়ি পুড়ে গেছে।

Nov 17, 2025 - 10:45
 0  8
সিলেটে ১৩টি গাড়ি পুড়ে ছাই

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় গাড়ি মেরামতের দোকানে রাতের অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ মোট ১৩টি গাড়ি পুড়ে গেছে। একইসঙ্গে পাশের দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নবাবী মসজিদের পাশে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভাতে সহায়তা করেন।

সরেজমিন দেখা যায়, ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত ও পেইন্টিংয়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিন সিলিন্ডারও বিস্ফোরিত হয়। মোট ১০টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়েছে। আশপাশের আরও দুটি ব্যবসাপ্রতিষ্ঠানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস ঘটনাটির উৎস যাচাই করছে এবং ভেতরে কোনো দাহ্য পদার্থ ছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান, আগুনের সূত্রপাত সম্ভবত গ্যারেজের ভেতর থেকে। রাতের কারণে দোকানের মালিক উপস্থিত না থাকায় ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

এমবি/টিআই