ইরানে হামলার অজুহাত তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: তেহরান

ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে অজুহাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরান। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) তেহরান এই অভিযোগ তোলে।

Jan 14, 2026 - 10:52
Jan 14, 2026 - 10:54
 0  2
ইরানে হামলার অজুহাত তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: তেহরান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইরানে সামরিক হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে অজুহাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরান। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) তেহরান এই অভিযোগ তোলে।

ইরানজুড়ে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুমকির পর এই অভিযোগ সামনে আনে ইরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কল্পনা ও নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ক্ষমতার পরিবর্তন’। পোস্টে বলা হয়, নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি ও বিশৃঙ্খলা—সবই সেই কৌশলের অংশ, যার মাধ্যমে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা হচ্ছে। তবে ওয়াশিংটনের এই কৌশল আবারও ব্যর্থ হবে বলে দাবি করেছে তেহরান।

২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে বর্তমানে ইরানে। মূল্যস্ফীতি ও চরম আর্থিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা বর্তমান শাসনব্যবস্থার অবসান দাবি করছেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে আন্দোলন অব্যাহত রয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরেও ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সরকারের সমর্থনেও পাল্টা বিক্ষোভ হয়েছে ইরানে।

চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে ইরানের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এই প্রথম এত বড় সংখ্যায় মৃত্যুর তথ্য স্বীকার করল ইরান।

এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘সাহায্য আসছে।’

গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইরান তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যেই দেশজুড়ে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকে ‘অস্থিরতা উসকে দেওয়ার ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার।

এমবি এইচআর