নারীদের অধিকার নিয়ে অপপ্রচারের অভিযোগ জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের বিষয়ে তাঁর দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

Feb 1, 2026 - 14:21
 0  3
নারীদের অধিকার নিয়ে অপপ্রচারের অভিযোগ জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের বিষয়ে তাঁর দলের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে জামায়াতের নীতিগত অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির বলেন, “আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা এবং বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং আমাদের নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় কেন্দ্রীভূত করার জন্য আমি এটি শেয়ার করছি।”

তিনি বলেন, জামায়াতের ইশতেহার শুরু থেকেই স্পষ্ট। দলটি চায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় নারীরা সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক। তাঁর ভাষায়, মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মক্ষেত্র, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন—এসব বিষয়ে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার প্রশ্নে দলটি সুস্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, এগুলো কোনো নতুন বক্তব্য নয় বা সাম্প্রতিক অনলাইন চাপের প্রতিক্রিয়াও নয়; বরং দীর্ঘদিনের ধারাবাহিক নীতিগত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। তিনি স্মরণ করিয়ে দেন, কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছিলেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমার রেকর্ড, নীতি এবং আমার ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়।” তিনি জানান, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, আইনি সুরক্ষা ও নেতৃত্বের বিষয়ে প্রতিশ্রুতিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

জামায়াতের আমির বলেন, নারীর প্রতি সম্মান দেখানোই একটি এগিয়ে যাওয়া বাংলাদেশের পরিচয়, আর সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াতে ইসলামী কাজ করছে।

উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে দলটির পক্ষ থেকে জানানো হয়, ওই এক্স হ্যান্ডেলটি হ্যাক হয়েছিল। এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

এমবি এইচআর