শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাসদস্যদের দিকনির্দেশনা

পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Jan 28, 2026 - 11:37
 0  3
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাসদস্যদের দিকনির্দেশনা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি রংপুর ও রাজশাহী পরিদর্শন করেন।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাজশাহীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এ আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মতবিনিময় সভাগুলোতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি নিরপেক্ষ ও শৃঙ্খলাবদ্ধ আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, দায়িত্বশীলতা ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ জনগণ নিরাপদ ও আস্থার পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এমবি এইচআর