ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন আসনে ‘অস্বাভাবিকভাবে’ ভোটার স্থানান্তর হয়েছে—এমন অভিযোগ তুলে বিএনপি বারবার নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার দাবি করছে।

Feb 7, 2026 - 13:00
 0  2
ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন আসনে ‘অস্বাভাবিকভাবে’ ভোটার স্থানান্তর হয়েছে—এমন অভিযোগ তুলে বিএনপি বারবার নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার দাবি করছে। বিশেষ করে রাজধানীর কয়েকটি আসনে ব্যাপক হারে ভোটার স্থানান্তরের বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সামনে তুলেছে দলটি।

তবে নির্বাচন কমিশনের দাবি, যে হারে ভোটার স্থানান্তর হয়েছে, তা স্বাভাবিক। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের আগস্টে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন।

এ কার্যক্রম পুরো বছরজুড়েই পরিচালিত হয়। ইসির তথ্য অনুযায়ী, গত নভেম্বরে পর্যন্ত ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন ৮৬ হাজার ৮২৫ জন। এ ছাড়া ফরিদপুর অঞ্চলে ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ৮১ হাজার ৭২৫ জন, ময়মনসিংহ অঞ্চলে ৭৮ হাজার ৮০৫ জন, রংপুর অঞ্চলে ৬৩ হাজার ৮৯৭ জন, সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জন, রাজশাহী অঞ্চলে ৭২ হাজার ৮১৫ জন, বরিশাল অঞ্চলে ৮৫ হাজার ৭২০ জন, কুমিল্লা অঞ্চলে ১ লাখ ৫ হাজার ৫৪৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ৩০ হাজার ৮৫ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে মোট ভোটার স্থানান্তর হয়েছে ৪৯ হাজার ৯৯২ জন। ঢাকার কয়েকটি হেভিওয়েট প্রার্থীর আসনেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা–১৭ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৩৯ জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঢাকা–১৫ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৫২০ জন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা–১১ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ১৪১ জন। এনসিপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার ঢাকা–৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৬৩৪ জন। আর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা–৮ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৬৩৩ জন। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, ঢাকায় সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা–১ আসনে—৪ হাজার ৭৩২ জন। আর সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা–৭ আসনে—৬৭৬ জন। ঢাকা–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ১৪০ জন। ঢাকা–২ আসনে ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন, ঢাকা–৩ আসনে ৩ লাখ ৬২ হাজার ১৫৯ জন এবং ঢাকা–৪ আসনে ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। ঢাকা–৫ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন, ঢাকা–৬ আসনে ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন এবং ঢাকা–৭ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩৭৬ জন। ঢাকা–৮ আসনে ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন, ঢাকা–৯ আসনে ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন এবং ঢাকা–১০ আসনে ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। ঢাকা–১১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন, ঢাকা–১২ আসনে ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন এবং ঢাকা–১৩ আসনে ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। ঢাকা–১৪ আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন, ঢাকা–১৫ আসনে ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন এবং ঢাকা–১৬ আসনে ৪ লাখ ৪৯৯ জন ভোটার রয়েছেন। ঢাকা–১৭ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। ঢাকা–১৮ আসনে রয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন ভোটার। ঢাকা–১৯ আসনে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন এবং ঢাকা–২০ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। ঢাকা জেলার ২০টি আসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড, ৬২টি ইউনিয়ন, তিনটি পৌরসভা ও দুটি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় মোট ৪৯ হাজার ৯৯২ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন। ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দেয় বিএনপি। তবে ইসির দেওয়া তথ্য হাতে পেলেও সন্তুষ্ট নয় দলটি। গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কিছু হোল্ডিং নম্বরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভোটার তালিকাভুক্ত হয়েছে, যা ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের অংশ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সারা দেশে যে হারে ভোটার স্থানান্তর হয়েছে, তা স্বাভাবিক এবং কোথাও ব্যাপক আকারে অস্বাভাবিক স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়নি। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন। ৩০০ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি–১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর–২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এমবি এইচআর