বিদায়ের আগে চিঠিতে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে দেওয়া একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Feb 17, 2026 - 10:16
 0  2
বিদায়ের আগে চিঠিতে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ
ছবি- সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে দেওয়া একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. নাসিমুল গনির কাছে পাঠানো এক আধা-সরকারি চিঠিতে তিনি এ ক্ষমা প্রার্থনার কথা উল্লেখ করেন। পরে নিজের ফেসবুক পোস্টে চিঠিটি সংযুক্ত করে বিষয়টি ব্যাখ্যা করেন উপদেষ্টা।

পোস্টে তিনি লেখেন, জনপরিসরে কাজ করার একটি ঝুঁকি হলো সাংবাদিকদের মাধ্যমে বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হওয়া। গণমাধ্যমের কাটতি বাড়াতে বক্তব্যের অংশবিশেষ কেটে মুখরোচক সংবাদ পরিবেশন করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা জানান, গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে এক সভায় তিনি হতাশা ব্যক্ত করে বলেন, একজন তাকে বলেছেন—মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সেটি সচিবালয়ে পড়া উচিত ছিল। কিন্তু কিছু সংবাদপত্র, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম ‘একজন আমাকে বলেছে’ অংশটি বাদ দিয়ে এটিকে তার নিজের বক্তব্য হিসেবে প্রচার করেছে। সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ বা বক্তব্যের পূর্ণ ভিডিও দেখলেই বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি।

তিনি আরও লেখেন, বক্তব্যের বিকৃত উপস্থাপনের ফলে সৃষ্ট বিভ্রান্তিতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। একইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার অনুরোধ জানান।

চিঠির শুরুতে তিনি উল্লেখ করেন, আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তার কার্যকাল শেষ হবে।

কার্যকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি লেখেন, বিদ্যমান পদ্ধতির কারণে কিছু উদ্যোগ বাস্তবায়িত হলেও কিছু উদ্যোগ মেয়াদে শেষ করা সম্ভব হয়নি, যার দায় সম্মিলিতভাবে সবার।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে পেশাদার আমলা হিসেবে কাজ করে জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

এমবি এইচআর