ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স, বাড়ছে উত্তেজনা
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। শুক্রবার রাতে পরিচালিত এই অভিযান চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ শুরুর পর শত্রুপক্ষের হামলায় এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ঘটনা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিমানের দুই ক্রু সদস্য ককপিট থেকে ইজেক্ট করে বের হয়ে আসেন। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার এবং নিচ দিয়ে উড়ে চলা জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়।
তবে উদ্ধার অভিযানের সময় ইরানের ছোড়া গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও সেটি নিরাপদে ইরাকে অবতরণ করে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
অন্য ক্রু সদস্যের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। এদিকে ইরানের গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের ওই মার্কিন ক্রুকে খুঁজে বের করার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়েছে। তাকে জীবিত আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণার কথাও জানানো হয়েছে।
এদিকে একই রাতে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।
চলমান এই সংঘাতের মধ্যে মার্কিন স্পেশাল ফোর্সের সরাসরি ইরানে প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এমবি এইচআর

