বিশ্বকাপে বড় পরিবর্তন, নতুন ৫ নিয়ম আনল ফিফা
আসন্ন ফুটবল বিশ্বকাপকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে বড় ধরনের নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ফুটবল বিশ্বকাপকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে বড় ধরনের নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। এবারই প্রথম ৪৮ দল নিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের গতি বাড়ানো, সময়ক্ষেপণ কমানো এবং রেফারিদের ওপর চাপ হ্রাসের লক্ষ্যেই নতুন ৫টি নিয়ম চালু করা হচ্ছে।
নতুন নিয়মগুলো হলো:
১. নির্দিষ্ট সময়ের মধ্যে বদলি সম্পন্ন
খেলোয়াড় পরিবর্তনের সময় আর দেরি করা যাবে না। পরিবর্তন হওয়া খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। দেরি হলে বদলি খেলোয়াড়কে এক মিনিট অপেক্ষা করতে হবে এবং সেই সময় দলকে ১০ জন নিয়ে খেলতে হবে।
২. দ্রুত খেলা শুরু বাধ্যতামূলক
গোলকিক ও থ্রো-ইন নিতে হবে ৫ সেকেন্ডের মধ্যে। সময় বেশি নিলে বলের দখল প্রতিপক্ষ পাবে।
৩. মাঠের বাইরে চিকিৎসা
চোট পেলে খেলোয়াড়কে চিকিৎসার জন্য মাঠের বাইরে যেতে হবে এবং অন্তত এক মিনিট বাইরে থাকতে হবে। তবে ফাউলের কারণে কার্ড হলে এই নিয়ম প্রযোজ্য হবে না।
৪. রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক
রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে পারবেন শুধু দলের অধিনায়ক। অন্য কেউ এগিয়ে এলে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানো হবে।
৫. ভিএআরের বাড়তি ব্যবহার
ভিডিও সহকারী রেফারি (VAR) এখন দ্বিতীয় হলুদ বা লাল কার্ডের সিদ্ধান্তও পর্যালোচনা করতে পারবে। এমনকি ভুল কর্নার সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে সংশোধন করা যাবে।
ফুটবল বিশ্লেষকদের মতে, এই নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় অযথা সময় নষ্ট ও নাটকীয় আচরণ অনেকটাই কমে আসবে এবং ম্যাচ আরও দ্রুত ও প্রতিযোগিতামূলক হবে।
এমবি এইচআর

