রিয়াল মাদ্রিদের নজরে পর্তুগিজ তারকা
ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ডিফেন্ডার ডিয়োগো ডালোতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ডিফেন্ডার ডিয়োগো ডালোতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর সামনে আসার পর ওল্ড ট্র্যাফোর্ডে তাকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে অভ্যন্তরীণ ভাবনা চলছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিমটক।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ২০২৬ সালের দিকে ডালোতকে দলে ভেড়ানোর সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি ইতোমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের নজরেও এসেছে।
এ অবস্থায় ক্লাবের ডিরেক্টর অব ফুটবল জেসন উইলকক্সের সামনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—ডালোতকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ধরে রাখা হবে, নাকি বাজারে তার চাহিদা ও মূল্য যখন সর্বোচ্চ, তখনই তাকে বিক্রি করে দেওয়া হবে।
২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের বর্তমান চুক্তি ২০২৮ সাল পর্যন্ত কার্যকর, সঙ্গে রয়েছে আরও এক বছরের অপশন। তবে জানা গেছে, ডালোতের প্রতিনিধিরা ২০২৬ সালেই নতুন চুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এতে ইউনাইটেডকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে।
নতুন চুক্তি হলে বেতন কাঠামোয় পরিবর্তন আসবে, যা ক্লাবের দীর্ঘমেয়াদি কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—সেটিই এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে।
রিয়াল মাদ্রিদের আগ্রহের অন্যতম কারণ ডালোতের বহুমুখিতা। ডান ও বাঁ—দুই প্রান্তেই খেলার সক্ষমতার পাশাপাশি উইং-ব্যাক হিসেবেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। এই গুণগুলোই তাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কাছে আকর্ষণীয় করে তুলেছে।
প্রতিবেদনে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের আগ্রহের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড ধীরে ধীরে একটি নির্দিষ্ট ট্যাকটিক্যাল কাঠামোর দিকে এগোচ্ছে। সেই কাঠামোয় ডালোত নিয়মিত শুরুর একাদশের খেলোয়াড় হবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে ডালোতকে বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে নতুন সিস্টেমের সঙ্গে মানানসই খেলোয়াড় দলে টানার সুযোগ পেতে পারে ইউনাইটেড।
এমবি এইচআর

