হামজাকে চায় বার্সা, আলোচনা বন্ধ করলেন বায়ার্ন-মিলানের সঙ্গে
বয়স মাত্র ১৭। এত কম বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বয়স মাত্র ১৭। এত কম বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তিনি, আর সেই আলোচনার কেন্দ্রেই এখন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
স্পেনের গণমাধ্যমের দাবি, হামজাকে দলে ভেড়াতে আগ্রহী দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে বার্সেলোনা। চলতি বছর শেষ হওয়ার আগেই তরুণ এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় কাতালান ক্লাবটি। বয়স কম হওয়ায় তাকে প্রথমে ধারে নিয়ে পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী চুক্তি করার পরিকল্পনা রয়েছে বার্সার।
বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হামজাও। স্প্যানিশ ক্লাবটির প্রস্তাবের আশায় বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো শীর্ষ ক্লাবের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছেন তিনি। আগামী মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাকে দলে রাখবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা।
হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছেড়ে দিতে রাজি। তবে তারা চাইছে আকর্ষণীয় আর্থিক কাঠামো—স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি নির্দিষ্ট অংশ ধরে রাখতে চায় মিসরের এই ক্লাবটি।
সর্বশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হামজার পারফরম্যান্স নজরে আসে বার্সেলোনা স্কাউটদের। বিশেষ করে গোল করার সামর্থ্য আলাদাভাবে দৃষ্টি কাড়ে। আগামী বছর ১৮তে পা দেবেন হামজা, ফলে বয়সজনিত কোনো জটিলতা ছাড়াই তাকে আনতে পারবে বার্সা।
এমবি এইচআর

