সেল্তার কাছে লজ্জার হারে ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটলো বড় অঘটন। নয়জন নিয়ে শেষ করা রিয়াল মাদ্রিদকে ২–০ ব্যবধানে হারিয়ে চমক দেখালো সেল্তা ভিগো।

Dec 8, 2025 - 11:22
 0  2
সেল্তার কাছে লজ্জার হারে ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটলো বড় অঘটন। নয়জন নিয়ে শেষ করা রিয়াল মাদ্রিদকে ২–০ ব্যবধানে হারিয়ে চমক দেখালো সেল্তা ভিগো। উইলট সুইডবার্গের দ্বিতীয়ার্ধের জোড়া গোল জাবি আলোনসোর দলকে লজ্জাজনক হার উপহার দিয়েছে। ম্যাচজুড়ে গোলের সামনে ব্যর্থতা, রক্ষণে বিশৃঙ্খলা ও শৃঙ্খলাজনিত ভুলের মূল্য চুকাতে হলো লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। মাত্র ২৪ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন এদের মিলিতাও, ফলে পরিবর্তিত রক্ষণ নিয়ে লড়াই চালাতে হয় স্বাগতিকদের। প্রথমার্ধে সবচেয়ে পরিষ্কার সুযোগটি আসে আর্দা গুলেরের পায়ে—এমবাপ্পে ও ভিনিসিয়ুসের দারুণ সমন্বয় থেকে পাওয়া বলে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
অন্যদিকে সেল্তা আক্রমণে ছিল অত্যন্ত তীক্ষ্ণ। হাভি রদ্রিগেজ ও পাবলো দুরানের কয়েকটি প্রচেষ্টা সামলাতে বেগ পেতে হয় কুর্তোয়াকে। বিপরীতে ভিনিসিয়ুস, গুলের ও বেলিংহামের চেষ্টা রুখে দেন গোলরক্ষক আয়োনুত রাদু।

বিরতির পর মাঠে নামতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেল্তা ভিগো। ব্রায়ান জারাগোজার ক্রস থেকে অসাধারণ ফ্লিক শটে দূরের পোস্টে বল জড়ান সুইডবার্গ। গোলের পর ছন্দ হারিয়ে ফেলে রিয়াল। এরপর টানা দুই মিনিটে (৬২ ও ৬৪) দুটি ফাউলে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। যোগ করা সময়ে জোড়া হলুদ দেখে মাঠ ছাড়েন আলভারো কারেরাসও, ফলে নয়জনের দলে পরিণত হয় মাদ্রিদ।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে দ্বিতীয়বার গোল করেন সুইডবার্গ। ইয়াগো আসপাসের থ্রু-বলে দৌড়ে উঠে এসে কুর্তোয়াকে কাটিয়ে শীতল মাথায় বল জালে পাঠান এই সুইডিশ তারকা।
এই পরাজয়ে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জয়ের মাধ্যমে সেল্তা ভিগো উঠে এসেছে দশম স্থানে।

এমবি এইচআর