সুপার কাপ ফাইনালে ঐতিহ্যের লড়াই, বার্সা নাকি রিয়াল কার পাল্লা ভারী?

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ শত বছরেরও বেশি পুরোনো। বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত এই লড়াই ‘এল ক্লাসিকো’ নামে খ্যাত।

Jan 11, 2026 - 12:20
 0  1
সুপার কাপ ফাইনালে ঐতিহ্যের লড়াই, বার্সা নাকি রিয়াল কার পাল্লা ভারী?
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ শত বছরেরও বেশি পুরোনো। বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত এই লড়াই ‘এল ক্লাসিকো’ নামে খ্যাত। আজ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে স্পেনের দুই জায়ান্ট। মৌসুমের দ্বিতীয় এবং চলতি বছরের প্রথম এল ক্লাসিকোর আগে তাই আলোচনায় এসেছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯০২ সালে, কোপা ডেল রের সেমিফাইনালে। সে ম্যাচে ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা। এরপর ১২৩ বছরের ইতিহাসে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্যবার মুখোমুখি হয়েছে দুই দল।

লা লিগায় এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১৯১ বার। এতে ৮০ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয় ৭৬টি ম্যাচে, আর ড্র হয়েছে ৩৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৬২টি এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে। এখানেও সামান্য ব্যবধানে এগিয়ে রিয়াল—জয় ১০৬ ম্যাচে। বার্সেলোনা জিতেছে ১০৪টি ম্যাচ, আর ড্র হয়েছে ৫২টি।

তবে সাম্প্রতিক সময়ে চিত্রটা বদলেছে। গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রেতে মোট চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। সেই ব্যর্থতার পর চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় রিয়াল।

স্প্যানিশ সুপার কাপেও দুই দলের লড়াই বরাবরই উত্তেজনাপূর্ণ। এই টুর্নামেন্টের ফাইনালে এর আগেও একাধিকবার মুখোমুখি হয়েছে তারা। বিশেষ করে সৌদি আরবে আয়োজিত সাম্প্রতিক আসরগুলোতে এল ক্লাসিকোর উত্তেজনা পেয়েছে ভিন্ন মাত্রা।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। ঐতিহাসিক পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও সাম্প্রতিক লড়াইয়ে বার্সেলোনার আধিপত্য স্পষ্ট। সব মিলিয়ে আজকের এল ক্লাসিকো হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী এক রোমাঞ্চকর মহারণ।

এমবি এইচআর