নেইমারকে দলে ভেড়ানোর সর্বশেষ পরিকল্পনা জানাল মায়ামি

ইন্টার মায়ামিকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল এক গুঞ্জন—মেসি, সুয়ারেজের সঙ্গে কি নেইমারের পুনর্মিলন ঘটতে যাচ্ছে? ফুটবল ইতিহাসের আলোচিত আক্রমণ-ত্রয়ী ‘এমএসএন’–এর আবারও একসঙ্গে খেলার সম্ভাবনায় উচ্ছ্বসিত ছিলেন সমর্থকেরা।

Dec 4, 2025 - 13:25
 0  2
নেইমারকে দলে ভেড়ানোর সর্বশেষ পরিকল্পনা জানাল মায়ামি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইন্টার মায়ামিকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল এক গুঞ্জন—মেসি, সুয়ারেজের সঙ্গে কি নেইমারের পুনর্মিলন ঘটতে যাচ্ছে? ফুটবল ইতিহাসের আলোচিত আক্রমণ-ত্রয়ী ‘এমএসএন’–এর আবারও একসঙ্গে খেলার সম্ভাবনায় উচ্ছ্বসিত ছিলেন সমর্থকেরা। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টানল ক্লাবটি। জানিয়ে দিল, নেইমারকে দলে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

সাম্প্রতিক সময়েই সার্জিও বুসকেত্স ও জর্দি আলবার অবসরের পর ইন্টার মায়ামির ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় নিয়ে নতুন করে আলোচনা তীব্র হয়। তখনই নেইমারকে দলে ভেড়ানোর সম্ভাবনা বড় হয়ে দেখা দেয়। তবে জানুয়ারিতে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে আনতে আগ্রহী নয় ক্লাব, এমনটাই জানিয়েছে ইন্টার মায়ামির ক্রীড়া বিভাগ।

ক্লাবের মতে, নেইমারকে দলে ভেড়ালে বাণিজ্যিকভাবে ব্যাপক লাভ হতো, গণমাধ্যমেও উত্তাপ ছড়াত। কিন্তু ফুটবল পরিকল্পনায় তাদের অগ্রাধিকার এখন অন্যত্র—রক্ষণভাগ শক্তিশালী করা, একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার ও প্রকৃত ‘নম্বর ৯’ খোঁজা। এ কারণে নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়টি তালিকার বাইরে রেখেছে তারা।

এর ফলে কোচ হাভিয়ের মাসচেরানোও সাবেক বার্সা সতীর্থ নেইমারের সঙ্গে কাজ করার সুযোগ হারালেন। ইন্টার মায়ামির সিদ্ধান্তটি ইতোমধ্যেই নেইমারকে জানিয়ে দেওয়া হয়েছে।

ডিসেম্বরের শেষে সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। নানা ইনজুরি সমস্যা থাকা সত্ত্বেও তিনি এখনো পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কার্লো আনচেলোত্তির দলে জায়গা পাওয়া, যা হতে পারে তার শেষ বিশ্বকাপ, তা-ই এখন তার প্রধান লক্ষ্য।

যদি সান্তোস ব্রাজিলিয়ান লিগে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, তাহলে নেইমারের দলটির সঙ্গে চুক্তি আরেক দফা বাড়ার সম্ভাবনা আছে। ছয় মাসের চুক্তিতে শুরু হওয়া তাঁর দ্বিতীয় অধ্যায় দেড় বছর পর্যন্ত বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ শেষে অবশ্য আবারও এমএলএসে আগ্রহী হতে পারেন নেইমার। যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছা তিনি আগেও বহুবার জানিয়েছেন। এমনকি পেলের মতো নিউইয়র্কে ক্যারিয়ার শেষ করার স্বপ্নও অনেকদিন ধরেই লালন করছেন তিনি।

এমবি এইচআর