সান্তোসকে বাঁচালেও বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় নেইমার
ব্রাজিলীয় তারকা নেইমারকে ঘিরে আগামী বছরের বিশ্বকাপ অংশগ্রহণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সান্তোসকে অবনমন এড়াতে শেষ ম্যাচে ব্যথা নিয়েই মাঠে নামেন তিনি।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ব্রাজিলীয় তারকা নেইমারকে ঘিরে আগামী বছরের বিশ্বকাপ অংশগ্রহণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সান্তোসকে অবনমন এড়াতে শেষ ম্যাচে ব্যথা নিয়েই মাঠে নামেন তিনি। ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পর ম্যাচশেষে নেইমার জানান, বাধ্য হয়েই তার হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।
নেইমার বলেন, গত কয়েক সপ্তাহ তার জন্য ছিল অত্যন্ত কঠিন। চোটের কারণে মাঠে না ফিরলেও শেষ কয়েক ম্যাচে দলকে বাঁচাতে খেলতে বাধ্য হয়েছেন তিনি। যারা মানসিকভাবে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।
৩৩ বছর বয়সী এই ফুটবলারের সান্তোসে প্রত্যাবর্তন ছিল জানুয়ারিতে। এরপর লিগের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকতে বড় ভূমিকা রাখেন তিনি। তবে চোটে ভরা মৌসুমে তার খেলা সীমাবদ্ধ ছিল মাত্র ২০ ম্যাচে।
অস্ত্রোপচারের ধরণ বা পুনর্বাসনে কত সময় লাগবে—এ বিষয়ে কিছু জানাননি নেইমার। তবে চিকিৎসকদের আশঙ্কা, সার্জারির পর মাঠে ফিরতে তার কয়েক মাস সময় লেগে যেতে পারে।
ব্রাজিল জাতীয় দলেও তিনি গত দুই বছর অনুপস্থিত। নতুন কোচ কার্লো আনচেলত্তি আগেই বলেছেন, বিশ্বকাপের দলে ফিরতে হলে নেইমারকে শারীরিকভাবে শতভাগ fit থাকতে হবে।
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। নেইমার সময়মতো ফিরতে পারবেন কিনা—এখন সেটিই বড় প্রশ্ন।
এমবি এইচআর

